যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হামট্রামিক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক মুহিত মাহমুদ। সিলেটের গোলাপগঞ্জের এই কৃতি সন্তান দীর্ঘ আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (৮ নভেম্বর) মেয়র পদে শপথ নেন। শপথ গ্রহণ শেষে মুহিত মাহমুদ বলেন, হ্যামট্রামিক সিটির সকল নাগরিকের জন্য কাজ করে যেতে চাই। বহুজাতিক সংস্কৃতির মেলবন্ধন ও সম্প্রীতি অটুট রাখা হবে আমার দায়িত্ব। আমি সকলের সহযোগিতায় সেই দায়িত্ব পালন করে যাবো। শপথ অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির লোকজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গত বছর মেয়র নির্বাচনে অল্প ভোটে হেরে আদালতের দ্বারস্থ হন মুহিত মাহমুদ। পাশাপাশি হ্যামট্রামিক শহরে বসবাসের শর্ত পূরণ নিয়ে তিনি প্রতিপক্ষের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েন। তবে গত ৩০ অক্টোবর ওয়েইন কাউন্টির সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি এক রায়ে মুহিত মাহমুদের বিরুদ্ধে শহরে বসবাসের শর্ত পূরণ না করার অভিযোগ খারিজ করে দেন। এছাড়া ডাকযোগে আসা ৩৭টি ব্যালটের ফল প্রত্যয়ন করতে ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্সকে নির্দেশ দেন তিনি। এর মধ্য দিয়ে হামট্রামিকের মেয়র পদে মুহিত মাহমুদের দায়িত্ব গ্রহণের পথে আইনি বাধা দূর হয়।
গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমে ডাকযোগে আসা ৩৭টি ব্যালট গণনা ছাড়াই ফল ঘোষণা করা হয়েছিল। তাতে ইয়েমেনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অ্যাডাম আলহারবি মেয়র নির্বাচিত হন। এ ফল চ্যালেঞ্জ করে আদালতে যান মুহিত মাহমুদ।
আদালতের নির্দেশে ওই ৩৭টি ব্যালট গণনার পর দেখা যায়, মুহিত মাহমুদ পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। আর অ্যাডাম আলহারবি পেয়েছেন ২ হাজার ৭৭ ভোট। অর্থাৎ ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান মুহিত।
নির্বাচনের ফল পরিবর্তনের পরও তা আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করতে পারেনি ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স। কারণ, হামট্রামকে মুহিত মাহমুদের বসবাসের শর্ত পূরণ নিয়ে একটি মামলা তখনো বিচারাধীন ছিল। অভিযোগ ছিল, মুহিত মাহমুদ হামট্রামিকে বসবাস করেন না। তার প্রকৃত বাসস্থান মিশিগানের ট্রয় শহরে। এ অভিযোগের ভিত্তিতে তার মেয়র পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা চ্যালেঞ্জ করেছিলেন অ্যাডাম আলহারবি।
গত ২২ অক্টোবর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টে এ বিষয়ে শুনানি হয়। পরে ৩০ অক্টোবর দেওয়া রায়ে বিচারক ক্যাথলিন ম্যাকার্থি বলেন, সাক্ষীদের বক্তব্য ও নথিপত্র পর্যালোচনা করে আদালত নিশ্চিত হয়েছে, মেয়র পদে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় বসবাসের শর্ত মুহিত মাহমুদ পূরণ করেছেন।
রায়ে বিচারক বলেন, মুহিত মাহমুদের বিভিন্ন শহরে একাধিক বাসস্থান রয়েছে। তার স্ত্রী ও সন্তানরা মূলত পাশের ট্রয় শহরে থাকেন। তবে এসব বিষয় তাকে হামট্রামিকের মেয়র পদে দায়িত্ব পালনের অযোগ্য করে না। ২০২৫ সালের নভেম্বরে নির্বাচনের পরদিন হামট্রামিক শহরের ক্লার্কের কার্যালয়ে খোলা খামের ভেতরে ৩৭টি ব্যালট পাওয়া যায়। পরে সেপ্টেম্বর মাসে একজন বিচারক ব্যালটগুলো গণনার নির্দেশ দেন।
১৬ অক্টোবর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স ব্যালটগুলো পরীক্ষা ও গণনা করে। তাতে মুহিত মাহমুদের ভোটসংখ্যা বেড়ে ২ হাজার ৮৯ এবং অ্যাডাম আলহারবির ভোট দাঁড়ায় ২ হাজার ৭৭।
অ্যাডাম আলহারবি ২০২৬ সালের জানুয়ারি থেকে মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন। আইনি লড়াইয়ে জিতে এবার মেয়রের চেয়ারে বসলেন মুহিত মাহমুদ। মুহিত মাহমুদ যুক্তরাষ্ট্রের কোনো শহরের মেয়র নির্বাচিত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত দ্বিতীয় জনপ্রতিনিধি।
এর আগে পেনসিলভেনিয়ার মিলবোর্ন শহরের মেয়র নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত মাহবুবুল আলম তৈয়ব। তিনি চট্টগ্রামের সন্তান। উল্লেখ্য হামট্রামিক সিটি কাউন্সিলের বর্তমান ছয় সদস্যের মধ্যে চারজনই বাংলাদেশি বংশোদ্ভূত। তারা হলেন- আবু আহমেদ মুসা, মোহাম্মদ হাসান, মোহতাসিম সাদমান ও নাঈম চৌধুরী লিয়ন।
