বিশেষ সংবাদদাতা
বাংলাদেশের সিলেটে বিনিয়োগ করতে সম্মত হয়েছেন ধনকুবের শিল্পপতি এবং কেপিসি গ্রুপের চেয়ারম্যান ড. কালী প্রদীপ চৌধুরী। তিনি সিলেটে একটি মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। আর এর সফল নেপথ্য নায়ক হিসেবে ভূমিকা রেখেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবান সম্মেলনের ‘হলিউড রেড কার্পেট বিজনেস লাঞ্চ’ অনুষ্ঠানে সিলেটে শিল্পপতি কালী প্রদীপের বিনিয়োগের এই ঘৈাষণা দেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সিলেটে একটি হাসপাতাল নির্মাণে রাজি হয়েছেন শিল্পপতি কালী প্রদীপ চৌধুরী। এবিষয়ে তার সঙ্গে মন্ত্রীর কথা হয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের এই প্রস্তাবটি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তিনি স্বাস্থ্য মন্ত্রী, জেলা প্রশাসক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।
শিল্পপতি কালী প্রদীপ বাংলাদেশে আসার ১৫ দিনের মধ্যেই প্রয়োজনীয় সব কাগজপত্র সরবরাহ বিনিয়োগের সুবিধা করে দেওয়া হবে বলে জানান মন্ত্রী আরিফুল।
উল্লেখ্য, দেশে সরকারি-বেসরকারী বিনিয়োগের বৃদ্ধির অংশ হিসেবে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আরিফুল হক চৌধুরী। এই প্রচেষ্টার অংশ হিসেবে সফলতার মুখ দেখলেন তিনি। কালী প্রদীপের বিনিয়োগ আনতে ম্যাজিক ম্যানের মতো কাজ করেছেন। এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিনিয়োগ করতে চেয়েছিলেন সিলেটে জন্ম নেওয়া ধনকুবের কালী প্রদীপ। নানান প্রতিবন্ধকতা, রাষ্ট্রের ফ্যাসিস্ট শাসকের অনিয়মের জেরে তা আর সফল হয়নি। শনিবার কালী পদের সিলেটে হাসপাতাল বানানোর ঘোষণার কথা উল্লেখ করে সিলেটবাসীদের সুখবর দিলেন মন্ত্রী আরিফুল হক।



