বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফকিরহাট এলাকা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সাগরে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ১৩ জন তালতলীর এবং একজন সাতক্ষীরার বাসিন্দা।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার নিদ্রা এলাকার জাফর মিয়ার মালিকানাধীন ট্রলারটি ১৪ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায়। বৃহস্পতিবার আবহাওয়া খারাপ হয়ে সাগর উত্তাল হলে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।
খবর পেয়ে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে রাত ১০টার দিকে ‘সেলিম মাঝি’র ট্রলারের সহায়তায় সাগরে ভাসমান অবস্থায় ১৪ জেলেকে উদ্ধার করা হয়। তারা বর্তমানে ওই ট্রলারে নিরাপদে রয়েছেন।
উদ্ধারকারী ট্রলারের মাঝি রাজু মিয়া বলেন, রাত ১০টার দিকে সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকেই অক্ষত অবস্থায় উদ্ধার করি। সাগর উত্তাল থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবর ফরাজী বলেন, খবর পাওয়ার পরপরই ঘাটে থাকা জেলেদের ট্রলার পাঠিয়ে সবাইকে উদ্ধার করা হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ট্রলারডুবিতে কোনো প্রাণহানি হয়নি। উদ্ধার হওয়া জেলেরা নিরাপদে আছেন এবং তাদের দ্রুত উপকূলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।



