শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই মাস ধরে চলা ‘বই পড়া উৎসব-২০২৬ এর চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৯ সেপ্টেম্বর শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উৎসবে অংশ নেওয়া নির্বাচিত শিক্ষার্থীরা চূড়ান্ত মূল্যায়নে অংশ নেয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। এ সময় তিনি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং আয়োজনের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরীন শারমিন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
আয়োজক সূত্রে জানা যায় ২১ জুলাই শুরু হয় এবারের বই পড়া উৎসব। শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ায় উৎসাহিত করা, জ্ঞান বৃদ্ধি এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো ছিল এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।
শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এ উৎসব। উন্মুক্ত বিভাগে শিক্ষক, সাংবাদিক, গৃহিণী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে অংশ নেন।
চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এর আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ফোকাল পারসনদের প্রতি আহ্বান জানিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার।
আয়োজকরা আরও জানান,চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে উৎসবের বিজয়ীদের মধ্যে ১০ জনকে ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান পুরস্কার দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে এসব পুরস্কার প্রদান করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, দুই মাসের এই বই পড়া উৎসবের মাধ্যমে শ্রীমঙ্গলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চার আগ্রহ আরও বিস্তৃত হবে।



