বড়লেখায় সীমান্ত দিয়ে পালানোর সময় নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেফতার

বড়লেখায় সীমান্ত দিয়ে পালানোর সময় নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেফতার
 নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশি এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো.রাহেদ হোসেন মাহেদ (২৩)-কে গ্রেফতার করা হয়েছে ।
গত বৃহস্পতিবার (১৪ মে ) দুপুরে উপজেলার দুর্গম সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনার বিষয়ে গত ২৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গোয়েন্দা সতর্কতা ও রেড অ্যালার্ট জারি করা হয়। এরই ধারাবাহিকতায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল উপজেলার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় অভিযান চালায় । দীর্ঘ ১২ ঘণ্টাব্যাপী সতর্কতামূলক এই অভিযানের পর দুপুর ২টা ৩০ মিনিটে একটি উঁচু টিলা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত রাহেদ হোসেন মাহেদ সিলেট জেলার বিশ্বনাথ থানার দশঘর গ্রামের নূর মিয়ার ছেলে । পুলিশ জানায়, রেড অ্যালার্ট জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, ধরা পড়ার আগমুহূর্তে তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন । এছাড়াও তিনি উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন।
যাচাই-বাছাই শেষে জানা গেছে, গ্রেফতারকৃত রাহেদ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কর্তৃক তদন্তাধীন রাজধানীর শাহবাগ থানার একটি মামলার (মামলা নং-২, তারিখ: ০২/০২/২০২৬) এজাহারভুক্ত আসামি । তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে । আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে তাকে পরবর্তী ব্যবস্থার জন্য সিটিটিসি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১