ওসমানীনগর (সিলেট) উপজেলা সংবাদদাতা:
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় শিক্ষার হার অত্যন্ত কম। যে পরিমাণ শিক্ষার হার রয়েছে, শিক্ষার্থীদের পাসের হারও আশানুরূপ নয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। এ অঞ্চলে শিক্ষার পিছিয়ে থাকার অন্যতম কারণ অভিভাবকদের অসচেতনতা।
গতকাল রবিবার দুপুরে উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজে বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এমপি তাহসিনা রুশদী লুনা বলেন, সন্তান জন্মের পর থেকেই অনেক অভিভাবক মনে করেন, সন্তান একটু বড় হলে তাকে বিদেশে পাঠাবেন এবং উপার্জনের কাজে যুক্ত করবেন। ফলে সন্তানদের পড়াশোনার প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। ছেলে-মেয়েরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, ঠিকমতো পড়াশোনা করছে কি না, সেদিকে অনেক অভিভাবকের প্রয়োজনীয় নজরদারি নেই। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকায় শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়েছে এ অঞ্চল।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপির ঘোষিত ৩১ দফার অন্যতম বিষয় ছিল শিক্ষার উন্নয়ন। বিএনপি সরকার গঠনের পর প্রথম বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। কিছুদিন আগে শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। বিগত সময়ে শিক্ষক দিবসে ১০ জনের বেশি শিক্ষককে সম্মাননা দেওয়ার নজির ছিল না। কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে ১০০ জন শিক্ষককে উৎসাহিত করতে সম্মাননা প্রদান করেছেন। এটি শুধু শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার নয়, প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করা শিক্ষকদের জীবনের একটি বড় প্রাপ্তি ও স্বীকৃতি।
তিনি আরও বলেন, সরকার যেভাবে শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে, আমরাও নিজ নিজ নির্বাচনী এলাকার শিক্ষার মানোন্নয়ন নিয়ে ভাবছি। বিশ্বনাথ ও ওসমানীনগরের শিক্ষার হার এবং পাসের হার বাড়াতে অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিকী এবং কলেজের বাংলা প্রভাষক কয়েছ উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উমরপুর ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা চেরাগ আলী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, অভিভাবক আহবাবুল হোসেন আহবাব,কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক রুবিনা আক্তার, দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী আসাদ উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দল্লাহ মিছবাহ, সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু, এমপি তাহসিনা রুশদী লুনার একান্ত সচিব ময়নুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হাকিম, কামরুল ইসলাম, যুবদল নেতা ইসলাম উদ্দিন, রেদওয়ান আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ, প্রধান শিক্ষক মহরম আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহাদাত হোসেন।
