জকিগঞ্জ প্রতিনিধি
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে সিলেটের জকিগঞ্জে বিভিন্ন আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে যুব র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. অলিউল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি এনামুল হক মুন্না, কোষাধ্যক্ষ কে এম মামুন, এসডিএস এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, সুবাস এর উপদেষ্টা কোহেল রানা চৌধুরী। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ময়নুল হক, সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবকদের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে যুবকেরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল যুব সংগঠক মিলি আক্তার সোমা, অমিত সরকারকে ক্রেস্ট ও আব্দুল হামিদ, জবরুল হককে সনদ পত্র প্রদান করা হয়।
