হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বিভিন্ন বসতবাড়ি ও আঙিনা থেকে ১৩৭টি সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপের মধ্যে রয়েছে ৭০টি পদ্ম গোখরা, ৬০টি খৈয়া গোখরা ও সাতটি দাঁড়াশ। এ ছাড়া উদ্ধার করা হয়েছে পাঁচটি সাপের ডিম।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১ টায় উদ্ধার করা সাপগুলো হবিগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বর্তমানে সাপগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকার বসতবাড়ি, আঙিনা ও আশপাশের স্থান থেকে এসব সাপ উদ্ধার করা হয়। লোকালয়ে বিষধর সাপের উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা সংগঠন জীববৈচিত্র্য ফেডারেশনের সদস্যরা সাপগুলো উদ্ধার করেন।
উদ্ধার করা পাঁচটি ডিমের মধ্যে কয়েকটি থেকে ইতোমধ্যে বাচ্চা ফুটেছে। সাপগুলো উদ্ধারের পর জীববৈচিত্র্য ফেডারেশনের উদ্যোগে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বন বিভাগ জানিয়েছে, সাপগুলো জনবসতিপূর্ণ এলাকায় অবমুক্ত করা হবে না। মানুষের নিরাপত্তা ও বন্যপ্রাণীর উপযুক্ত আবাসস্থল বিবেচনায় নিয়ে নিরাপদ প্রাকৃতিক পরিবেশ নির্ধারণের কাজ চলছে। স্থান চূড়ান্ত হলে শিগগিরই সাপগুলো অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, উপযুক্ত স্থান নির্ধারণের পর সাপগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
এতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
