মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বুধবার (৪ নভেম্বর) থেকে টানা চার দিন সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। শনিবার (৭ নভেম্বর) বিকেল পর্যন্ত এ পরিস্থিতি চলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
গত ১ নভেম্বর পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে শনিবার বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের গ্যাস পুনরায় রূপান্তর কার্যক্রম বন্ধ থাকবে।
এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকতে পারে।
পেট্রোবাংলা জানায়, গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সাময়িক এ বিঘ্নের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
