কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত সিসিকের কর্মীরা, পরিদর্শন কলেন প্রশাসক

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত সিসিকের কর্মীরা, পরিদর্শন কলেন প্রশাসক

সিলেট নগরীর কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

ঈদের দিন সকালে ঐতিহাসিক শাহী ঈদগাহে প্রধান জামাতে অংশ নেওয়ার পর তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনরত কর্মীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে সিসিক প্রশাসক বলেন, “জনসেবাও ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঈদের দিন পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে আপনারা নগরবাসীর সেবায় নিয়োজিত রয়েছেন। আপনাদের এই নিষ্ঠা ও দায়িত্ববোধ অবশ্যই প্রশংসার দাবি রাখে।”

বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “কোরবানির পর আট ঘণ্টার মধ্যে নগরী পরিষ্কার করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, কর্মীরা যে গতিতে কাজ করছেন তাতে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা পরিচ্ছন্ন নগরী উপহার দিতে সক্ষম হব বলে আশা করছি।”

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব ময়লা-আবর্জনা ও পশুর উচ্ছিষ্ট অপসারণ নিশ্চিত করতে হবে। ঈদের পর নগরীর কোথাও যেন আবর্জনা পড়ে না থাকে এবং কোনো ধরনের দুর্গন্ধ সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

নগরবাসীর সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন ভূমিকা পালন করতে হবে। কোরবানির রক্ত ও বর্জ্য যাতে যত্রতত্র না ছড়িয়ে পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজ নিজ আঙিনা পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।”

তিনি নগরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ এই ঈদ সবার জীবনে আনন্দ, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক। সবাইকে ঈদ মোবারক।”

পরিদর্শনকালে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬