

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রশিবিরের কর্মকাণ্ডকে ‘গুপ্ত রাজনীতি’ আখ্যা দিয়ে দেওয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরে ওই দেওয়াল লিখনের সামনে গিয়ে ফটোসেশন করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে এ ফটোসেশন অনুষ্ঠিত হয়। এতে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ ১৭ জন নেতাকর্মী অংশ নেন।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, “ফটোসেশনটি আমাদের কোনো আনুষ্ঠানিক কর্মসূচির অংশ ছিল না। ক্যাম্পাসে নিয়মিত প্রদক্ষিণের সময় আমরা সেখানে গিয়েছিলাম। ছাত্রদলের ভাইয়েরা লিখেছেন তারা শিবিরকে চিনেন না—এ বিষয়টি নিয়ে মজা করেই আমরা ছবি তুলেছি।”
ছাত্রদলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “তাদের এ ধরনের কার্যক্রম নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই। আমরা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত। তাদের দৃশ্যমান কোনো কর্মসূচি না থাকায় তারা এসব করছে। আমাদের অবস্থান স্পষ্ট—অতীতেও আমরা বিভিন্ন রাজনৈতিক ও ন্যায়ভিত্তিক কর্মসূচিতে সক্রিয় ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।