
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় স্বাগত মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বড়লেখা পৌর শহরে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহীদ খান, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আহাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মোহাম্মদ মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ আহমদ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজারে পৌঁছাবেন। সফরকালে তিনি প্রথমে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে এবং পরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।
এছাড়া একই দিনে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যেও ফ্যামিলি কার্ড বিতরণ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।