সিলেটে হামের উপসর্গে  আরও দুই শিশুর মৃত্যু; হাসপাতালে ভর্তি ৯৩

সিলেটে হামের উপসর্গে  আরও দুই শিশুর মৃত্যু; হাসপাতালে ভর্তি ৯৩

 সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন। চলতি বছরের শুরু থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৮ জনে। এ পর্যন্ত হাম-সংশ্লিষ্ট মোট মৃত্যু হয়েছে ১২২ জনের।

শুক্রবার (৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগের প্রতিবেদন-২০২৬’ থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট সদর উপজেলার ইয়ামিন (১ বছর ৫ মাস) এবং অপরজন হবিগঞ্জের বাহুবল উপজেলার আনিসা (৮ মাস)। তারা দুজনই সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৩ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৭ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৮৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৫৬ জন, হবিগঞ্জে ৯১ জন (এর মধ্যে রুবেলায় আক্রান্ত ২ জন), মৌলভীবাজারে ৯০ জন এবং সুনামগঞ্জে ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হয়েছেন আরও ১৪ জন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১১৬ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম-সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে। জেলা ভিত্তিক হিসাবে সিলেটে ৪৩ জন, হবিগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তের সংখ্যা এবং হাসপাতালে রোগীর চাপ এখনও উদ্বেগজনক। এ পরিস্থিতিতে শিশুদের সময়মতো হাম-রুবেলার টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‌্যাশ, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

আমারসিলেট/এমএসএস

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩