কুলাউড়া থানা পুলিশের পৃথক ৪টি অভিযানে প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ ভারতীয় ওরিস সিলবার সিগারেট,ডিআই পিকআপসহ চুরি যাওয়া দুটি গরু এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার এবং সিআর সাজা ওয়ারেন্টে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুলাউড়া থানার বরমচাল ইউনিয়নের নন্দনগর (টিকরা) গ্রামের মিন্টু গুন (৪৯)-এর বাড়ির গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। অভিযোগ পাওয়ার পরপরই কুলাউড়া থানা পুলিশের একাধিক দল মাঠে নামে। এর ধারাবাহিকতায় ৭ আগস্ট সকাল ১০টা থেকে ৮ আগস্ট ভোর ৪টা পর্যন্ত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে গরু চুরির কাজে ব্যবহৃত ডিআই পিকআপসহ নুর আলম ওরফে আলম (৪৭) ও সাফিয়ান আলী ওরফে শাফিয়ান (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার শ্রীধরপুর এলাকা থেকে ওই চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়। উদ্ধার করা গরুর আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
কুলাউড়া থানা পুলিশের অপর একটি দল ৭ আগস্ট রাত ১১টা ৫ মিনিটে শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে দায়িত্ব পালনকালে ঢাকা মেট্রো-গ-১৪-৪০৭২ নম্বরের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়। চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। একপর্যায়ে আসামিরা ঘটনাস্থলে প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ও শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৪০ হাজার শলাকা ওরিস সিলবার সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিগারেটের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
৭ আগস্ট রাত ৮টা ২০ মিনিটে কুলাউড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিছরাকান্দি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির সময় আলম মিয়া (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।
অপর একটি পুলিশ দল ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধারের অভিযানে ৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে একটি এবং সোনারগাঁও থানা এলাকা থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার করা মোবাইল দুটি গত ২৯ জুন কুলাউড়া-মৌলভীবাজার সড়কে ডাকাতির সময় নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় ইতোমধ্যে ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া থানার নিয়মিত ওয়ারেন্ট অভিযানে সিআর সাজা ওয়ারেন্টমূলে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো: মনিরুল ইসলামের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কুলাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।



