পানির ভোগান্তিতে নাকাল শাবির শিক্ষার্থীরা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তীব্র পানি সংকটে ভুগছেন। প্রায় তিন বছর আগে ওয়াটার প্লান্ট স্থাপন করা হলেও হলটির পাঁচ শতাধিক শিক্ষার্থীর জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তা মেলেনি। ফলে চুল পড়া, চর্মরোগ এবং কাপড় লালচে হয়ে যাওয়াসহ নানা শারীরিক ও ব্যবহারিক সমস্যায় নাকাল শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্টে প্রায় ৯১ লাখ টাকা ব্যয়ে তিনটি হলের জন্য দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়। এর মধ্যে শাহপরান হল সংলগ্ন প্লান্টটি থেকে বিজয়-২৪ হল, বিশ্ববিদ্যালয় ক্লাব, চিকিৎসাকেন্দ্র ও ক্যাফেটেরিয়াসহ ১০টি স্থানে পানি সরবরাহের কথা ছিল। শুরুতে এটি ঘণ্টায় ৩০ হাজার লিটার পানি পরিশোধন করতে পারলেও বর্তমানে পানির স্তর নিচে নেমে যাওয়ায় উৎপাদন কমে গেছে। ফলে বর্তমানে এই প্লান্ট থেকে শুধু শাহপরান হল ও ক্যাফেটেরিয়ায় পানি দেওয়া সম্ভব হচ্ছে।

বিজয়-২৪ হলের শিক্ষার্থীরা জানান, ট্যাপ থেকে প্রতিনিয়ত অতিরিক্ত আয়রনযুক্ত লালচে ও ময়লা পানি আসে। এতে করে শিক্ষার্থীদের চুল পড়ে যাচ্ছে এবং শরীরে চুলকানিসহ বিভিন্ন চর্মরোগ দেখা দিচ্ছে। অনেক সময় গোসলের মাঝপথে পানি শেষ হয়ে যাওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। মাত্রাতিরিক্ত আয়রনের কারণে হলের ফিল্টারগুলোও কয়েকদিন পরপর নষ্ট হয়ে যাচ্ছে। আবাসিক শিক্ষার্থী হিমেল হান্নান বলেন, জুম্মার দিনসহ ব্যস্ত সময়ে পানির সমস্যা প্রকট আকার ধারণ করে। এই পানি ব্যবহারের একদমই অনুপযোগী।

বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. খালিদুর রহমান জানান, হলের জন্য আলাদা একটি গভীর নলকূপ স্থাপনের আবেদন করা হয়েছে যা বর্তমানে হিসাব দপ্তরে প্রক্রিয়াধীন। তিনি বলেন, উপাচার্য ও কোষাধ্যক্ষ মহোদয় ইতিবাচক সাড়া দিয়েছেন। এটি বাস্তবায়িত হলে পানির সমস্যা সমাধান হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিজয়-২৪ হলের আবেদনটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের চিন্তা করছি। সাময়িক সমাধান হিসেবে আপাতত সৈয়দ মুজতবা আলী হলের প্লান্ট থেকে শাহপরান হলের মাধ্যমে বিজয়-২৪ হলে পানি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। তবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪