
এশিয়ান বিচ কাবাডিতে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয় আগেই। চীনের সানিয়ায় আজ নেপালের বিপক্ষে জিতলে গ্রুপসেরা হয়ে শেষ চারে পা রাখতে পারতো লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩৬-৩৮ পয়েন্টের ব্যবধানে শেষ পর্যন্ত হেরে গেল বাংলাদেশের মেয়েরা। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ দুপুরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এ ম্যাচটি গত শুক্রবার হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে সূচি পরিবর্তন করে অনুষ্ঠিত হয় আজ। ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করে দুদল। প্রথমার্ধে ১৯-১৭ পয়েন্টে এগিয়ে থাকে নেপাল। বিরতির পর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আপ্রান চেষ্টা শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি। রক্ষণভাগ ও রেইডারদের নৈপুণ্যে মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় নেপাল।