
বাসিয়া নদীর খনন উদ্বোধনের জন্য প্রস্তুত করা হচ্ছে মঞ্চ
সিলেটের বাসিয়া নদী খননকাজের উদ্বোধন উপলক্ষে প্রস্তুত করা মঞ্চে বজ্রপাত থেকে সুরক্ষার জন্য বজ্রনিরোধক (লাইটনিং অ্যারেস্টার) স্থাপন করা হয়েছে। ওই মঞ্চে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা।

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
শনিবার (২ মে) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারসংলগ্ন বাসিয়া নদীতে খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে নদীর তীরে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। এক পাশে নির্মাণ করা হয়েছে মঞ্চ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উদ্বোধনী আয়োজন ঘিরে নদীর পাশের নির্দিষ্ট স্থান বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে খননকাজের উদ্বোধন করবেন এবং মঞ্চে বক্তব্য দেবেন।
বর্তমান মৌসুমে বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকি বিবেচনায় মঞ্চে স্থাপন করা হয়েছে বজ্রনিরোধক ব্যবস্থা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, লাইটনিং অ্যারেস্টারটি বজ্রপাতের সময় নির্দিষ্ট এলাকায় সুরক্ষা নিশ্চিত করবে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ধরনের বজ্রনিরোধক সাধারণত প্রায় ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে সুরক্ষা দিতে সক্ষম। দেশে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রপাত বেশী হয় এবং এ সময় প্রাণহানীও বেশী হয়। গত ২৬ এপ্রিল এক দিনে দেশের বিভিন্ন জায়াগায় ১৪ জন নিহত হয়েছেন।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘বজ্রপাত থেকে সুরক্ষার জন্য মঞ্চে লাইটনিং অ্যারেস্টার বসানো হয়েছে।’ তবে এর ব্যয় সম্পর্কে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বজ্রনিরোধক যন্ত্রটির আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। এ ছাড়া মঞ্চ নির্মাণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজে আরও প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে।