লুৎফুরেই আস্থা ‘মিনি বাংলাদেশের’, টানা চতুর্থ মেয়াদে জয়

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনের ‘মিনি বাংলাদেশ’ খ্যাত টাওয়ার হ্যামলেটসে আবারও জয়ের কেতন উড়ালেন লুৎফুর রহমান। টানা চতুর্থ মেয়াদে নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে তিনি এক অনন্য ইতিহাস গড়েছেন। আজ শুক্রবার বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায়, বড় রাজনৈতিক দলগুলোর হেভিওয়েট প্রার্থীদের বড় ব্যবধানে পরাজিত করে তাঁর দল ‘অ্যাসপায়ার’ এক অবিস্মরণীয় বিজয় ছিনিয়ে এনেছে। এই জয়ের মাধ্যমে লুৎফুর রহমান প্রমাণ করলেন, স্থানীয় রাজনীতিতে তাঁর শিকড় কতটা গভীরে।

পুরো নির্বাচনী প্রচারণায় লুৎফুর রহমানের মূল শক্তি ছিল সাধারণ মানুষের মৌলিক দাবিগুলো। আবাসন সংকট সমাধান, তরুণ প্রজন্মের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর ‘লোকাল ফার্স্ট’ নীতি ভোটারদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। বিশেষ করে খেটে খাওয়া ও মধ্যবিত্ত মানুষ তাঁর দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতিতে আবারও পূর্ণ আস্থা রেখেছেন। বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় লুৎফুর রহমান এই জয়কে টাওয়ার হ্যামলেটসের সাধারণ মানুষের বিজয় হিসেবে উৎসর্গ করেছেন এবং আগামী চার বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

লুৎফুর রহমানের এই ঐতিহাসিক জয়ের দিনে ব্রিটিশ-বাংলাদেশিদের জন্য আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে পাশের বরো নিউহ্যামের ফলাফল। সেখানে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হিসেবে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ফরহাদ হোসেন। লুৎফুর ও ফরহাদ—এই দুই নেতার বিজয় বিলেতের মূলধারার রাজনীতিতে ব্রিটিশ-বাংলাদেশি নেতৃত্বের এক নতুন ও শক্তিশালী অধ্যায়ের সূচনা করল। মেয়র পদের এই চূড়ান্ত ফয়সালার পর এখন সবার দৃষ্টি আগামীকাল ঘোষিত হতে যাওয়া কাউন্সিলর নির্বাচনের ফলাফলের দিকে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪