যুক্তরাজ্যের রাজনীতিতে জয় গোলাপগঞ্জের পুত্রবধূ রাবিনার

যুক্তরাজ্যের রাজনীতিতে জয় গোলাপগঞ্জের পুত্রবধূ রাবিনার রাবিনা খান

যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিতে আবারও সাফল্যের স্বাক্ষর রাখলেন সিলেটি বংশোদ্ভূত, গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের পুত্রবধূ রাবিনা খান। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোর শ্যাডওয়েল ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি।

স্থানীয় নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী রাবিনা খান পেয়েছেন ১ হাজার ৩৯৩ ভোট। শ্যাডওয়েল ওয়ার্ডের দুইটি আসনের একটিতে জয় নিশ্চিত করেন তিনি। একই ওয়ার্ডে অ্যাসপায়ার দলের মোহাম্মদ হারুন মিয়া ১ হাজার ৬২১ ভোট পেয়ে নির্বাচিত হন।

সিলেট জেলায় জন্ম নেওয়া রাবিনা খান ছোটবেলায় পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। পরে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় বেড়ে ওঠেন। দীর্ঘদিন ধরে তিনি কমিউনিটি উন্নয়ন, নারী অধিকার, শিক্ষা, বহুসাংস্কৃতিক সমাজ ও সংখ্যালঘু জনগোষ্ঠীর বিভিন্ন অধিকার নিয়ে কাজ করে আসছেন।

রাজনীতির পাশাপাশি রাবিনা খান একজন পরিচিত লেখক, নাট্যকার ও কমিউনিটি সংগঠক হিসেবেও সুপরিচিত। তার লেখা ‘আয়েশাস রেইনবো’ বইটি ব্রিটেনে বেড়ে ওঠা বাংলাদেশি মুসলিম শিশুদের জীবন ও বাস্তবতা নিয়ে ব্যাপক আলোচনায় আসে। এছাড়া বিবিসি, আইটিভি ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেছেন তিনি।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে এটি রাবিনা খানের নতুন কোনো যাত্রা নয়। এর আগেও একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি। ২০১০ সালে প্রথমবার লেবার পার্টির হয়ে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ধীরে ধীরে পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে শক্ত অবস্থান তৈরি করেন। ২০১৫ ও ২০১৮ সালে টাওয়ার হ্যামলেটসের মেয়র পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

রাবিনা খানের স্বামী আমিনুর রশীদ খানও লন্ডনের পরিচিত রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব। তিনি দুইবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রভাব দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। বিশেষ করে সিলেটি বংশোদ্ভূত রাজনীতিকদের সক্রিয় উপস্থিতি ব্রিটিশ রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪