নিউইয়র্কে ‘প্রবাসে বাঙালিয়ানা’ উৎসব সম্পন্ন

সবুজে ঘেরা ভ্যালি স্ট্রিম স্টেট পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মিরসরাই সমিতি ইউএসএ ইনক-এর ঐতিহ্যবাহী আয়োজন ‘প্রবাসে বাঙালিয়ানা’। বাংলা নববর্ষ ১৪৩৩ এবং বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকশ প্রবাসী বাংলাদেশি স্বপরিবারে অংশ নেন।

ভ্যালি স্ট্রিম স্টেট পার্কের ফিল্ড-২ প্যাভিলিয়ন এদিন সেজেছিল লাল-হলুদসহ বাহারি রঙে। নারীদের পরনে ছিল বর্ণিল শাড়ি আর পুরুষেরা এসেছিলেন পাঞ্জাবিতে। একদিকে কড়াইয়ে ইলিশ মাছ ও বেগুন ভাজার মন মাতানো সুবাস, অন্যদিকে দেশীয় লোকজ সংগীতের সুর—সব মিলিয়ে প্রবাসের মাটিতে গড়ে উঠেছিল এক খণ্ড বাংলাদেশ।

দিনব্যাপী এই উৎসবে ছিল ইলিশ ভাজা, হরেক রকমের পিঠা-পুলি এবং দেশীয় খাবারের ভোজ। সাংস্কৃতিক পর্বে প্রবাসের নামী শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের মূল লক্ষ্য ছিল প্রবাসে বড় হওয়া নতুন প্রজন্মের কাছে বাঙালির সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা।

মিরসরাই সমিতি ইউএসএ ইনকের সভাপতি আসিফুর রহমান আসিফ এবং সাধারণ সম্পাদক আরিফুল হাসান আরিফ জানান, কমিউনিটির ঐক্য সুদৃঢ় করতে এবং বিদেশের মাটিতে দেশীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। আয়োজক কমিটির আহ্বায়ক কাজী সাইফুল আলম, সদস্য সচিব আলিম উদ্দিন মামুন এবং চিফ কো-অর্ডিনেটর সোবহান শিবলু আনোয়ার সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানের সফলতায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আযম, সন্দীপ সোসাইটি ইউএসএর সভাপতি ফিরোজ আহমেদ, কবির হাট উপজেলা সোসাইটির সভাপতি মোহাম্মদ মির্জা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ। অনুষ্ঠানের প্রচার ও আইটি সমন্বয়ে বিশেষ ভূমিকা রাখেন সাহাব চৌধুরী পারভেজ।

আড্ডা, গান আর খাঁটি বাঙালিয়ানায় ভরপুর এই আয়োজন শেষে আয়োজকরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

এএস/এনবিএ

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪