জুলাই আন্দোলনে খ্যাতির শিখরে আসা ছাত্রনেতা সাদিক কায়েম দাম্পত্য জীবন শুরু করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এ নেতার বিয়ে আজ  বুধবার (১৩ মে)। বিয়ে করছেন কুমিল্লার মেয়ে আনিকা ফারদিন ফরায়েজিকে।
কার্ডে উল্লেখ করা হয়েছে, বুধবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আকদ হবে। সন্ধ্যা ৭টায় শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান হবে।
ডাকাসু সূত্র জানায়, আনিকা ফারদিন ফরায়েজি পেশায় চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। ফারদিনের মায়ের নাম রুকসানা পারভীন আসমা।
বিয়েকে কেন্দ্র করে এরই মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র বিতরণ করেছেন সাদিক কায়েম। এর অংশ হিসেবে তিনি সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিয়ের দাওয়াতপত্র দিয়েছেন। এ সময় জামায়াত আমির তাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও দোয়া জানান।
এছাড়া জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গেও সাক্ষাৎ করেন সাদিক কায়েম। তিনি তাকে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দিলে স্পিকার তার নতুন জীবনের জন্য শুভকামনা জানান। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকেও নিজের বিয়ের দাওয়াতপত্র পৌঁছে দিয়েছেন সাদিক কায়েম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, জুলাই বিপ্লববিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্স নিয়ে সাক্ষাতের সময় ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়। এ সময় ড. ইউনূস তাকে অভিনন্দন ও শুভকামনা জানান।
এদিকে বিয়ের কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ডাকসুর নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *