
সিলেটের মনোরম পরিবেশে বাংলাদেশের সকালটাও শেষ হয়েছিল মনোমুগ্ধকরভাবে। মাত্র এক উইকেট হারিয়ে প্রথম সেশন পার করেছিল টাইগাররা। দ্বিতীয় সেশনটাও মন্দ কাটেনি স্বাগতিকদের। দুই উইকেট হারালেও এখনো আশার বাতি হয়ে আছো মুশফিকুর রহিম। সেঞ্চুরির আশা জাগিয়ে চা বিরতিতে গিয়েছেন তিনি
আজ সোমবার (১৮ মে) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনে চা বিরতিতে যাওয়ার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩০৭ রান করেছে বাংলাদেশ। লিড নিয়েছে ৩৬৩ রানের। মুশফিক অপরাজিত ১৫৫ বনে ৯০ রানে আর তাইজুল ইসলাম ২০ বলে ৮ রানে।
মধ্যাহ্নবিরতি থেকে ফিরে আরও কিছুক্ষণ উইকেটে পার করলেন লিটন দাস। হাফসেঞ্চুরি তুলে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে এরপর আর বেশি লম্বা হয়নি তার ইনিংস। টাইগার উইকেটরক্ষক ব্যাটার ফিরেছেন হাসান আলীর বলে সৌদ শাকিলকে ক্যাচ দিয়ে। ফেরার আগে ৯২ বলে ৬৯ রান করেছেন লিটন।
এরপর উইকেটে মুশফিককে কিছুটা সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৩৯ বলে ১৯ রান করে ফিরেছেন খুররাম শাহজাদের বলে বোল্ড হয়ে। এরপর তাইজুলকে নিয়ে দ্বিতীয় সেশনের বাকি সময় পার করে দেন মুশফিক।
সুন্দর সকাল কাটিয়ে লাঞ্চে বাংলাদেশ
আগের দিন শেষ বলে ফিরেছেন মুমিনুল হক। তাই আজ দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিতে নামেন মুশফিকুর রহিম। শান্ত অবশ্য এদিন বেশি সময় উইকেটে থাকতে পারেননি। দিনের চতুর্থ ওভারেই ফিরে যান তিনি। খুররাম শাহজাদের করা ৩১তম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ফেরার আগে ৪৬ বলে ১৫ রান করেছেন।
শান্ত ফিরলে উইকেটে আসেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস। অপরাজিত জুটি গড়ে প্রথম সেশন কাটিয়ে দেন এই দুজন। হাফসেঞ্চুরি ছাড়িয়ে ১৩৬ বলে ৮৮ রানের অপরাজিত জুটি মুশফিক-লিটনের। দুজন হাফসেঞ্চুরির অপেক্ষায় আছেন।
এর আগে ৭ উইকেট হাতে রেখে ১১০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন হাফসেঞ্চুরি করেছিলেন মাহমুদুল হাসান জয় (৬৪ বলে ৫২)।