বানিয়াচং খাদ্য গুদামে জোরপূর্বক ধান সরবরাহের চেষ্টার অভিযোগ, থানায় জিডি

বানিয়াচং খাদ্য গুদামে জোরপূর্বক ধান সরবরাহের চেষ্টার অভিযোগ, থানায় জিডি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সরকারি খাদ্য গুদামে জোরপূর্বক ধান সরবরাহের জন্য চাপ সৃষ্টি ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সাইফুল আলম সিদ্দিকী।

বৃহস্পতিবার (২১ মে) বানিয়াচং থানায় এ জিডি করা হয়। সাম্প্রতিক সময়ে গুদাম এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জিডি সূত্রে জানা যায়, বানিয়াচং খাদ্য গুদাম একটি সংরক্ষিত এলাকা। অনুমতি ছাড়া সেখানে কারও প্রবেশাধিকার নেই। বর্তমানে সরকারি বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে।

তবে অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি তালিকার বাইরে থেকেও জোরপূর্বক ধান সরবরাহের চেষ্টা করছেন। এ জন্য তারা গুদাম কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি ও হুমকি দিচ্ছেন। এতে গুদামে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও নিরাপত্তাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সাইফুল আলম সিদ্দিকী বলেন, “সরকারি খাদ্য গুদাম একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে দেশের খাদ্য নিরাপত্তার বিষয় জড়িত। তাই কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।”

তিনি আরও জানান, গুদামের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং রাতের পাহারাও বাড়ানো হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গুদাম এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮