ইউরোপে মানবপাচার

সিলেটে ‘অ্যামেক্স’ কেলেঙ্কারি : নেপথ্যে ছাত্রদল ও যুবশক্তি নেতা

সিলেটে ‘অ্যামেক্স’ কেলেঙ্কারি : নেপথ্যে ছাত্রদল ও যুবশক্তি নেতা

সিলেটে ইউরোপ ও কানাডায় লোক পাঠানোর নামে ‘অ্যামেক্স এসোসিয়েটস’ নামের একটি কনসালট্যান্সি ফার্মের বিরুদ্ধে প্রায় ৭ কোটি টাকা হাতিয়ে নিয়ে অফিস তালাবদ্ধ করে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। সাড়ে সাতশরও বেশি তরুণ-যুবকের ভাগ্য নিয়ে এই ভয়াবহ প্রতারণার নেপথ্যে রয়েছেন জাতীয় যুবশক্তি ও ছাত্রদলের দুই নেতা।

প্রতারণার বিষয়টি জানাজানি হওয়ার পর গত ১৯ মে (২০২৬) অফিস তালা লাগিয়ে গা-ঢাকা দেন দুই মূল হোতা। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ইতিমধ্যেই দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে এবং মূল অভিযুক্তদের বিদেশ যাত্রা রুখতে পাসপোর্ট ব্লক করা হয়েছে।

যেভাবে চলতো প্রতারণার জাল

সিলেট নগরীর শাহজালাল উপশহরের সি-ব্লকের ৩৭ নম্বর রোডের ৪/এ নম্বর বাসায় অবস্থান ছিল ‘অ্যামেক্স এসোসিয়েটস’-এর। বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ‘ফ্যামেক্স’ ও ‘ট্যাক্সকম’ নামে আরও দুটি শাখা খোলা হয় ভিন্ন স্থানে। ২০২৪ সালের শেষ দিক থেকে প্রতিষ্ঠানটি ফেসবুক পেজে পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর লোভনীয় বিজ্ঞাপন ও ভুয়া ভিসা দেখিয়ে ভিডিও প্রচার শুরু করে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই চক্রের তৎপরতা আরও বাড়ে। তারা পর্তুগাল, কানাডাসহ বিভিন্ন দেশের ফাইল জমা নেওয়া শুরু করে। ফাইল নেওয়ার সময় মূল হোতারা এনসিপি, বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে ভুক্তভোগীদের আস্থা অর্জন করতো। পর্তুগালের জন্য ১ লাখ এবং কানাডার জন্য দেড় থেকে দুই লাখ টাকা অগ্রিম নেওয়া হতো। চার থেকে ছয় মাসের মধ্যে ভিসা দেওয়ার কথা থাকলেও বছর গড়িয়ে গেলে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে শুরু করেন।

৭০০ তরুণের ৭ কোটি টাকা আত্মসাৎ, হুমকি ও অস্ত্র প্রদর্শন

অভিযোগ উঠেছে, তারা প্রায় সাড়ে সাতশ তরুণের কাছ থেকে ১ লাখ থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। সরাসরি উপশহরের অফিস থেকে প্রায় দুইশ এবং বিভিন্ন এজেন্টের মাধ্যমে বাকিদের কাছ থেকে এই বিপুল অর্থ সংগ্রহ করা হয়।

টাকা ফেরত চাইলে ভুক্তভোগীদের উল্টো রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি ও অস্ত্র প্রদর্শন করা হতো। কোম্পানীগঞ্জের ভুক্তভোগী ফারহান আহমদ জানান, “পর্তুগালের জন্য এক বছর আগে ১ লাখ টাকা দিয়েছিলাম। টাকা ফেরতের জন্য অফিসে গেলে বহিরাগত ৩ জন যুবক দিয়ে আমাকে অস্ত্রের ভয় দেখানো হয়।” নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী অভিযোগ করেন, গত মাসে অফিসে গিয়ে চাপ দিলে অফিসের নারী কর্মীদের দিয়ে ‘উত্ত্যক্ত করার মিথ্যা মামলায়’ ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

প্রবাসী কল্যাণমন্ত্রীর দ্বারস্থ ভুক্তভোগীরা, অতঃপর মামলা

প্রতারণার বিষয়টি পুরোপুরি ফাঁস হলে গত ১৯ মে রাতে অফিস ও ফেসবুক পেজ বন্ধ করে পালিয়ে যান অভিযুক্তরা। ওই দিন রাতেই ৩০-৪০ জন ভুক্তভোগী নগরীর কুমারপাড়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে গিয়ে ভিড় করেন। মন্ত্রী তাৎক্ষণিকভাবে সিলেট মহানগর পুলিশ কমিশনারকে ভুক্তভোগীদের মামলা নিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরবর্তীতে শাহপরাণ থানায় ভুক্তভোগী নেওয়াজুর (নথিতে নিয়াজুর) রহমান বাদী হয়ে মূল হোতাসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৭ কোটি টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

নেপথ্যের কুশীলব যারা

অনুসন্ধানে জানা যায়, এই প্রতারণা চক্রের মূল কর্ণধার সিলেট জেলা জাতীয় যুবশক্তির (এনসিপির যুব সংগঠন) সাবেক আহ্বায়ক জাবের আহমদ। পরে তাঁর সাথে যুক্ত হন মহানগর ছাত্রদলের সদস্য ইমন উদ্দিন। জাবেরের বাড়ি বিয়ানীবাজারের চান্দগ্রাম এবং ইমনের বাড়ি কামারকান্দি গ্রামে। সম্প্রতি ছাত্রদল নেতা ইমন দেশ ছাড়ার চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে তাঁর পাসপোর্ট ব্লক করা হয়।

দায় নিতে নারাজ সংগঠনগুলো

অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান বলেন, “ইমন উদ্দিন দলের কেউ নন। শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার একক দায় তাকেই নিতে হবে। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই।”

এদিকে জেলা এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) এক শীর্ষ নেতা জানান, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাবের আহমদকে অনেক আগেই যুবশক্তির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশের বক্তব্য

সার্বিক বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “বিদেশে লোক পাঠানোর নামে যারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে, তারা সবাই পুলিশের কড়া নজরদারিতে রয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫