
বিপুল উৎসাহ-উদ্দীপনা, উপচেপড়া পাঠক ও প্রবাসীদের উৎসবমুখর উপস্থিতির মধ্য দিয়ে নিউইয়র্কে সমাপ্ত হলো চার দিনব্যাপী ৩৫তম আন্তর্জাতিক বইমেলা। গত শুক্রবার (২২ মে) থেকে শুরু হওয়া এই মেলা শনি ও রোববার পেরিয়ে গতকাল সোমবার (২৫ মে) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়। এবারের মেলাটি উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের জন্য এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়েছিল।
চার দিনের এই আসরের মূল আকর্ষণ ছিল— বিভিন্ন প্রকাশনী সংস্থার স্টল, লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন, প্রাণবন্ত সাহিত্য আসর, নতুন প্রকাশিত বইয়ের ওপর তাত্ত্বিক আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার শেষ দিনে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল নতুন প্রজন্মের শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত বিভিন্ন চমৎকার ও শিক্ষণীয় অনুষ্ঠান।
উল্লেখ্য, এবারের বইমেলায় বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের নামিদামি প্রকাশনী সংস্থা অংশ নেয়। রেকর্ডসংখ্যক নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বেচাকেনার মাধ্যমে এবারের মেলাটি সম্পন্ন হলো।