
সুনামগঞ্জের তাহিরপুরে অতিবৃষ্টিতে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও প্রতিশ্রুতির আলোকে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তাহিরপুর সদর ইউনিয়নের ২০০টি কৃষক পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক এবং সঞ্চালনা করেন তাহিরপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুম।
এসময় বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রুকন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, প্যানেল চেয়ারম্যান শফিকুল হক এবং কৃষক প্রতিনিধি শফাই মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, হাওরাঞ্চলের কৃষকরা প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। অকাল বন্যা ও অতিবৃষ্টিতে ফসলহানির কারণে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। ঈদের আগে সরকারের এই মানবিক সহায়তা কৃষকদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে এবং তাদের মাঝে নতুন আশার সঞ্চার করবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের এই প্রণোদনা দেওয়া হবে, কারও রাজনৈতিক পরিচয় দেখে নয়। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা অন্য যে দলেরই হোক না কেন সবাই সহায়তার আওতায় আসবেন।
তিনি আরও বলেন, হাওরে অতিবৃষ্টিতে কৃষকদের দুর্দশা দেখতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এলাকায় পাঠিয়েছেন। আমি মাঠপর্যায়ে এসে কৃষকদের অবস্থা সরেজমিনে দেখে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলে তিনি তাৎক্ষণিকভাবে তিন মাস কৃষকদের সহায়তা প্রদানের ঘোষণা দেন। আজ সেই ঘোষণার বাস্তবায়নের অংশ হিসেবে আপনাদের হাতে সহায়তা তুলে দেওয়া হচ্ছে।
এমপি আরও বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের বাঁচাতে সরকার সবসময় আন্তরিক। দেশের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে কৃষকদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দুর্যোগ মোকাবিলায় সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, সহায়তা বিতরণে যেন কোনো অনিয়ম না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যেন সুবিধা পান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কৃষকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের বাঁচলে দেশ এগিয়ে যাবে।
জানা গেছে, তাহিরপুর সদর ইউনিয়নে মোট ১ হাজার ৮৮৯ জন কৃষককে এ প্রণোদনার আওতায় আনা হবে। আর পুরো উপজেলায় ৯ হাজার ১৫৯ জন কৃষক এ সহায়তা পাবেন। আগামী তিন মাস ধরে পর্যায়ক্রমে এ সহায়তা কার্যক্রম চলবে।