ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকায় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে যে কয়েকটি আয়োজন ধীরে ধীরে নিজস্ব মর্যাদা ও স্বাতন্ত্র্য গড়ে তুলছে, তার মধ্যে “বাংলা সাহিত্য উৎসব ২০২৬ (Bangla Lit Fest)” নিঃসন্দেহে বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রবাসের মাটিতে বাংলা ভাষা ও সাহিত্যকে ঘিরে এমন প্রাণবন্ত, বহুমাত্রিক এবং সুপরিকল্পিত আয়োজন প্রশংসার দাবি রাখে।
গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারের উৎসব আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, উত্তর আমেরিকা ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, ঔপন্যাসিক, গবেষক, শিল্পী, সাংবাদিক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এই দুই দিনের সাহিত্য উৎসব। বিশেষ করে সাহিত্য, সাংবাদিকতা, প্রযুক্তি, সংগীত, শিল্পকলা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে একই মঞ্চে যুক্ত করার যl প্রয়াস আয়োজকরা নিয়েছেন। বিষয়টি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী।
উৎসবের প্রথম দিন আজ। “Meet & Greet” পর্ব SOLD OUT
প্রবাসী বাঙালিদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আগ্রহটা গভীর। নতুন বইয়ের মোড়ক উন্মোচন, কবিতার আসর, সাময়িকী “মন পবনের নাও” নিয়ে আলোচনা এবং সংগীত পরিবেশনার মধ্য দিয়ে একটি আন্তরিক সাহিত্যিক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামীকাল দ্বিতীয় দিনের দিনব্যাপী আয়োজন আরও সমৃদ্ধ ও বহুমাত্রিক। “বাংলার বাইরে বাংলা সাহিত্য”, “কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাহিত্যের ভবিষ্যৎ”, “কলমের দুই ধারা: সাহিত্য ও সাংবাদিকতা”—এ ধরনের বিষয়ভিত্তিক আলোচনা।
বাংলা সাহিত্য উৎসব কেবল আবেগের আয়োজন নয়। চিন্তা, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক চর্চারও এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিশেষ করে নতুন প্রজন্মের পাঠক ও লেখকদের জন্য এটি হতে পারে এক অনন্য অনুপ্রেরণার ক্ষেত্র।
আমি নিজেও একদল লেখক ও সাংবাদিকের সঙ্গে এই আয়োজনে যোগ দিচ্ছি। একজন সংবাদকর্মী ও সাহিত্যপ্রেমী হিসেবে এমন একটি আন্তর্জাতিক পরিসরের বাংলা সাহিত্য উৎসবে অংশ নেওয়ার সুযোগ আনন্দের ও গর্বের। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও যারা বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে এমন একটি সেতুবন্ধন তৈরি করছেন, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আয়োজক কমিটির আন্তরিকতা, পরিকল্পনা ও সাংস্কৃতিক দায়বদ্ধতা প্রশংসার দাবিদার।
কবিতা দিলাওয়ার,আনোয়ার ইকবাল, দীনা ফেরদৌসসহ পুরো আয়োজক টিম যেভাবে সাহিত্য, সংস্কৃতি ও প্রজন্মের মধ্যে সংযোগ তৈরির প্রয়াস নিয়েছেন, তা ভবিষ্যতে আরও বড় পরিসরে বাংলা সাহিত্যচর্চাকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেই বিশ্বাস।
বই, আড্ডা, আলোচনা, কবিতা, সংগীত আর মানুষের হৃদ্যতাপূর্ণ মিলনে বাংলা সাহিত্য উৎসব ২০২৬ হয়ে উঠুক স্মরণীয় এক সাংস্কৃতিক অধ্যায়—এই প্রত্যাশাই রইল।
কয়েক ঘন্টার মধ্যেই দেখা হচ্ছে।চমৎকার আবহাওয়া আজ।