
মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় জেলার সর্বত্রই নেতাকর্মীদের মধ্যে চলছে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। উৎফুল্ল নেতাকর্মীদের এই আনন্দ আর উৎসব মুখর আলোচনার কেন্দ্রবিন্দু হলেন জাকির হোসেন উজ্জ্বল। আজ (বৃহস্পতিবার) দুপুরের পর থেকেই জেলার যুবদল নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছিল লক্ষ্যনীয়। এমন আনন্দের উপলক্ষ যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি হিসেবে ঠাঁই পেয়েছেন মৌলভীবাজারের জনপ্রিয় যুবনেতা ও সাবেক ছাত্রনেতা জাকির হোসেন উজ্জ্বল। জানা যায় আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অনুমোদিত কমিটির ওই কপি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কমিটিতে জাকির হোসেন উজ্জ্বলের নাম সহ-সভাপতি পদে দেখতে পেয়ে জেলার নেতাকর্মীরা আনন্দিত হয়ে একে অপরকে মিষ্টি মুখ করান। বিগত ফ্যাসিস্ট আমলে রাজপথের আন্দলোন সংগ্রামে তার সাহসী অবদানের মূল্যায়ন করে সহ-সভাপতি নির্বাচিত করায় তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ও অভিনন্দন জানান। একই সাথে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে স্বাগত ও উষ্ণ অভিনন্দন জানান জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা। নতুন ওই কমিটি যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করবেন বলে প্রত্যাশা করে তারা ফেসবুকে স্ট্যাটাস দেন। উল্লেখ্য ছাত্রজীবন থেকে জাকির হোসেন উজ্জ্বল ছাত্রদলের তৃণমুল থেকে কলেজ,উপজেলার নানা দায়িত্ব পালনের পর জেলা সভাপতি হিসেবে সফল নেতৃত্ব দেন। তিনি ছাত্রদলের জেলা সভাপতির দায়িত্ব পালনের সাথে কেন্দ্রীয় কমিটিরও সহ-সাংগঠনিক এর দায়িত্ব পালন করেন। এরপর তিনি যুবদলের জেলা কমিটির সভাপতির দায়িত্ব পান। বেশ সফলতার সাথে তিনি এই সাংগঠনিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।