
ব্রাজিলের সেরা বিশ্বকাপ দল কোনটি? ১৭ বছর বয়সে পেলের জেতা ১৯৫৮ বিশ্বকাপ কিংবা জুলেরিমে ট্রফি একেবারে নিজেদের করে নেয়া ১৯৭০ বিশ্বকাপের দলের কথা আসতে পারে। কিন্তু ফুটবল বিশ্লেষকদের মতে ব্রাজিলের সেরা বিশ্বকাপ দল কোনটি জানেন? ১৯৮২ স্পেন বিশ্বকাপের দল! জিকো, সক্রেটিস, ফ্যালকাও, এডার। সেরা দলের শক্তি বুঝাতে এই চারটি নামই তো যথেষ্ট। তবে ব্রাজিলের ফুটবল ইতিহাসের সেরা দলটা ৮২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন তো দূরের কথা, পঞ্চম হয়েই শেষ করেছিল বিশ্বকাপ! তারকায় ঠাসা দল হলেই যে সেরা হবেন বা শিরোপা জিতবেন এমনটা নয়।
১৯৯৪ বিশ্বকাপ তার আরেকটি বড় উদাহরণ। তাফারেল, দুঙ্গা, রোমারিও, বেবেতোরা ছিলেন। তবু যুক্তরাষ্ট্র বিশ্বকাপের দল ৮২’র দলের কাছাকাছিও আসে না। ব্রাজিলের মানুষের আশাও হয়ত সেভাবে ছিল না। কিন্তু দুঙ্গার দলটাই তো মার্কিন মুলুক থেকে বিশ্বকাপটা নিয়ে গেল দক্ষিণ আমেরিকায়! ২৪ বছর পর বিশ্বকাপ জিতলো ব্রাজিল। ৯৮ বিশ্বকাপটা হাতছাড়া হলো অল্পের জন্য। ২০০২ সালে রেকর্ড ৫ম শিরোপার দেখা পায় সাম্বার দেশ।
এরপর সময় গড়িয়ে দুই যুগ পার। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, নেইমাররা জিততে দেখেছেন ফ্রান্স, স্পেন, জার্মানী ইতালিকে। কিন্তু ব্রাজিল! দুইযুগের হতাশা, হাহাকার। তবে অদ্ভুতভাবে সেই ২৪ বছর পর আবারও সুযোগ এসেছে। ১৯৭০ বিশ্বকাপের পর ২৪ বছরের হতাশা ভুলে ৯৪ এ এসে যুক্তরাষ্ট্রে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ২০০২ এর পর ২০২৬, এখানেও ২৪ বছরের হিসেব! ব্রাজিলের দুই যুগের শিরোপাখরা। ভেন্যুও সেই একই, যুক্তরাষ্ট্র! ১৯৯৪ এর সাম্বা নৃত্য কি তাহলে ফিরে আসবে ২০২৬ এর জুন- জুলাইয়ে, রোমারিও, বেবোতোদের বীরত্ব গাঁথার মার্কিন যুক্তরাষ্ট্রে?
এবার ব্রাজিলকে নিয়ে অতটা আলোচনা নেই, যতটা আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, পর্তুগালকে নিয়ে। কারনও আছে, বিগত এক দশক ধরে যার পায়ে ভরসা খুঁজেছে ব্রাজিল সেই নেইমার এবারও দলে আছেন। তবে তাঁর জাতশত্রু ইনজুরিকে সঙ্গী করেই উড়াল দিয়েছেন আমেরিকায়। দলের আরেক ভরসা রদ্রিগো তো ইনজুরির কারনে বিশ্বকাপ দলেই ডাক পাননি। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এ্যালিসন, এডারসন, মার্কিনিউজ, পাকেতা, এনরিকরা আছেন। তবু এই দল বিশ্বকাপ জিততে পারবে এমন আশাবাদী মানুষের সংখ্যা বেশি নয়। আর এই সুযোগটাই হয়ত নিতে চাইবেন ২৪ বছর পর ব্রাজিলকে স্বপ্ন দেখানো কার্লো আনচেলত্তি। লিওনেল মেসির মতো তারকা নেই তাঁর দলে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের চাপও নেই। মোটামুটি মানের একটা দল। তবে অভিজ্ঞ আনচেলত্তির দেখানো ছক আর কৌশলে যদি খেলতে পারে ব্রাজিল, তবে তো মিলে যায় সেই ২৪ বছর, সেই যুক্তরাষ্ট্র! ব্রাজিলের ষষ্ঠ শিরোপা!