সিলেটে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার একটি বাসা থেকে মাহাদি আনজুম (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহাদি সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সুবিদবাজারের মিয়া ফাজিলচিস্ত এলাকার ১৩/৩ নম্বর বাসার বাসিন্দা এবং মৃত মিসবাহ উদ্দিন ও ডা. রুলী বিনতে রহিম দম্পতির সন্তান।

​মঙ্গলবার (৯ জুন) দুপুরে ফাজিলচিস্ত এলাকার ওই বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহাদি তার মায়ের সঙ্গে ওই বাসায় থাকত। মঙ্গলবার দুপুর ১টার দিকে দরজা ভেঙে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর থানা পুলিশ মাহাদির মরদেহ উদ্ধার করে। এসময় ওই কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যা মাহাদির লেখা বলে ধারণা করা হচ্ছে।

​বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা চিরকুটে ইংরেজিতে লেখা ছিল— তার মরদেহের যেন কোনো ময়নাতদন্ত করা না হয় এবং পুলিশ যেন এই ঘটনার কোনো তদন্ত না করে।

​ওসি আরও বলেন, “আইনি প্রক্রিয়া হিসেবে আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

​পুলিশ জানিয়েছে, চিরকুটে এমন অনুরোধ থাকলেও ময়নাতদন্তসহ এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে। নিহতের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে মৃত্যুর পেছনের কারণ অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪