
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির ২৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জালাল মিয়া (৫৫) নামে এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।
মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (১৩ জুন) বিকেলে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জালাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জালাল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের তথ্যমতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ঘরের সিলিংয়ের ওপর রাখা চারটি প্যাকেট থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং শয়নকক্ষের বক্স খাটের ড্রয়ারে বিক্রির জন্য প্রস্তুত অবস্থায় রাখা আরও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) উত্তম কুমার বিশ্বাস।
উদ্ধারকৃত আলামত ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পলাতক আসামি জালাল মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৭ টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।