
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজার পৌঁছেছেন। প্রথমেই তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল খেলার মাঠের অনুষ্ঠানে তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণের পর বক্তব্য রাখেন। সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বেলা সাড়ে ১০টার দিকে শুরু হয় প্রবল বৃষ্টি ও ধমকা বাতাস।
প্রতিকূল আবহাওয়ার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে দু’টি অনুষ্ঠানস্থল সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নানা স্লোগানে অনুষ্ঠানস্থলে ঢল নামে হাজার হাজার মানুষের। সকাল ১০ টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী সেখান থেকে মৌলভীবাজারেে পথে রওয়ানা হন। সিলেট থেকে সড়ক পথে দুপুর ১২ টার দিকে মৌলভীবাজার শহর অতিক্রম করেন।
শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পৌছাবেন। বৃষ্টির মধ্যে সড়কের দুপাশে দাড়িয়ে মানুষ প্রধানমন্ত্রীকে একনজর তাঁকে দেখতে ও স্বাগত জানাতে ভীড় করেন। প্রবল বৃষ্টির কারণে অনুষ্ঠানস্থল ও মাঠের আশপাশ পানি ও কাদার সৃষ্টি হলেও তা উপেক্ষা করে সময় যত যাচ্ছে মানুষের ঢল তত বাড়ছেই।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুুতি নেওয়া হয়। পুরো মৌলভীবাজারকে নিরাপত্তা ব্যবস্থায় ঢেকে ফেলা হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।