
মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ উপলক্ষে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।
রোববার (২১ জুন) দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মৌলভীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সায়েম আহমদ সিয়ামের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর শাখার সভাপতি কাজী দাইয়ান আহমদ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কলেজ চত্বরের নির্ধারিত স্থানে গাছের চারা রোপণ করেন এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করে মাসব্যাপী এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় কলেজ শাখা ও শহর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।