
বাংলাদেশে যেকোন কিছুতে একটা কমন কথা আছে- একাই একশ! কোন একজনের মেধা, শক্তি, ক্ষমতা, দক্ষতার হিসেবে এই ডায়ালগ জুড়ে দেয়া হয় তাঁর নামের পাশে। ফুটবল দুনিয়ায় হিসেবের বাইরে থাকা বাংলাদেশের এই কমন ডায়ালগ গায়ে লাগিয়েই বিশ্বকাপে আজ মাঠে নামবেন লিওনেল মেসি! প্রতিপক্ষ ইউরোপের শক্তিশালী অস্ট্রিয়া। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে একাই একশ মেসি। কানসাসে ফুটবলের একক প্রদর্শনী দেখেছে বিশ্ব। মাঝমাঠে খেলা তৈরি করেছেন, নিচে নেমে আস্থার সংকটে ভোগা ডিফেন্সকে সাহায্য করেছেন, প্রতিটা ম্যাচের মতো আলজেরিয়ার সাথেও গোলের একাধিক সুযোগ তৈরি করে দিয়েছেন। আর কি? একাই তিন গোল করে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। ৩৯ বছরের নিস্পাপ চেহারার মানুষটাকে মনে হচ্ছে কুড়ি পেরুনো যুবক! আজ অস্ট্রিয়ার বিপক্ষেও তাঁর দিকেই চেয়ে থাকবে আর্জেন্টিনা, বাংলাদেশ আর বাকি বিশ্ব।
তবে সমস্যা হলো বাতি তো জ্বলে, নিভে! প্রকৃতি হিরোকেও বানিয়ে দেয় জিরো। আর্জেন্টিনার একাই একশ লিওনেল মেসি যে সবদিন জ্বলবেন তাঁর নিশ্চয়তা কি। নেই বলেই আজ ঝুঁকি থাকছে। আলজেরিয়া ম্যাচে মেসিকে তুলে নেওয়ার পর আর্জেন্টিনা এলোমেলো। দলের মূল ভরসার জায়গা নিতে পারছেন না কেউ। না রদ্রিগো দি পল, না ম্যাক এ্যালিস্টার কিংবা লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ কেউ না। মেসি নামক তরীতে ভেসে না হয় একদিন, সবদিন পাড়ি দেয়া কঠিন। বিশ্বকাপের মঞ্চ বলে এটা আরো বেশি কঠিন। এখানে শক্তির পার্থক্য থাকে ঠিক আছে, কিন্তু অঘটনেরও ঝুঁকি থাকে। গত বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচটাই তাঁর প্রমাণ। এবারের বিশ্বকাপে অঘটনের বিজ্ঞাপন কেপ ভার্দে। স্পেনের পর উরুগুয়ুকে রুখে দিয়ে তাঁরা উল্লাসে উড়ছে। অস্ট্রিয়া ইউরোপের বড় ফুটবল শক্তি নয়। আবার কেপ ভার্দে, সৌদি আরবের মতো ফেলে দেওয়ার মতো দলও নয়। ইউরোপিয়ান বাছাই অঞ্চলের গ্রুপ ‘এইচ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে অস্ট্রিয়া। বাছাই পর্বে তাঁরা করেছে ২২ গোল, যার আটটি একাই করেছেন মার্কো আরনাটোভিচ। ক্লাব ফুটবলে রেড স্টার বেলগ্রেডের হয়ে খেলা এই ফুটবলার এবারের বিশ্বকাপে অস্ট্রিয়ার আক্রমণভাগের নেতা। মাঝমাঠে কনরড লাইমার ও মার্সেল সাবিৎজার তাঁদের ভরসা। রক্ষণে অধিনায়ক ডেভিড আলাবা মেসিকে চ্যালেঞ্জ জানাতে পারেন। আলাবার সাথে ডিফেন্সে সেরা জুটি কেভিন ডানসো। জার্মান কোচ রালফ রাংনিকে বদলে যাওয়া অস্ট্রিয়া ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে খেলতে এসেছে। এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জর্দানকে তাঁরা হারিয়েছে ৩-১ গোলে। অস্ট্রিয়ার এই শক্তি, সামর্থ্যের গল্প আর্জেন্টাইদের কাছে বাড়াবাড়িই মনে হবে। বিশেষ করে বাংলাদেশে! বাজিটা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষেই। যতই মেসিতে নির্ভরতা থাকুক তারপরও অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনাই ফেবারিট। রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়েলের ইনজুরি ছাড়া দলের বাকি সবাই ফিট আছেন। তারকা স্ট্রাইকার আলভারেজও ইনজুরি কাটিয়ে খেলার জন্য প্রস্তুত। আলজেরিয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এ্যাথলেটিকো মাদ্রিদ তারকা আলভারেজ। আজ অস্ট্রিয়ার বিপক্ষে লাউতারো মার্টিনেজের বদলে শুরুর একাদশে দেখা যেতে পারে আর্জেন্টিনার নাম্বার নাইনকে। মাঝমাঠে রদ্রিগো পল, ম্যাক এ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজেই হয়ত ভরসা খুঁজবেন লায়নেল স্কালোনি। স্টপারে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজই থাকছেন। তাঁদের দুইপাশে মলিনা ও তাগলিয়াফিকোর থাকার কথা আজকের ম্যাচে। তবে সবকিছুর পর ওই একজনের দিকেই চোখ সবার! লিওনেল ম্যাজিক মেসি। ও হ্যা, একদিন পর তো জন্মদিনও আর্জেন্টাইন জাদুকরের। এদিকে আবার বিশ্বকাপের অনেক রেকর্ডও ডাকছে তাঁকে। মেসিকে ৩৯তম জন্মদিনের উপহার দিতে পারবেন দি পল, আলভারেজরা? নাকি নিজেই নিজেকে রাঙিয়ে জয়, রেকর্ড আর জন্মদিনের উৎসবে মাতবেন ফুটবল বিস্ময়। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। বাংলাদেশ সময় রাত ১টায় মিলবে উত্তর।