প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সিলেটে যুবদলের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সিলেটে যুবদলের বিক্ষোভ

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। দেশের যুবসমাজকে সঙ্গে নিয়ে সকল অপশক্তির ষড়যন্ত্র ও অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বুধবার (২৪ জুন) বিকেল ৩টায় সিলেট নগরীর পুরানলেনস্থ ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকায় ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এক প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদল এই সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান জুয়েল আরও বলেন, জাতীয়তাবাদী যুবদল কোনো সাধারণ সংগঠন নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অতন্দ্র প্রহরী। একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশের শান্ত রাজনৈতিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যুবদল সবসময় রাজপথে থাকবে।

বিএনপির ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ইসলামে পূর্ণ আস্থা রাখে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেছিলেন। তাই এই দল কখনো ইসলামবিরোধী হতে পারে না। দলের চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক মন্তব্য করা হলে কঠোর রাজনৈতিক জবাব দেওয়া হবে।

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব।

বিক্ষোভ মিছিলে সিলেটের ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা, মহানগর যুবদলের ৪২টি ওয়ার্ড ও ৬টি থানার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলের মাধ্যমে শেষ হয়। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবদলের তৃণমূলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫