
ফুটবল বিশ্বকাপের আমেজে উচ্ছ্বসিত প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার।ফুটবল প্রেমীদের নিজ দলের প্রতি ভালোবাসা আর প্রত্যাশা বিস্তর।এমন বাস্তবতার দেখা মিলে প্রতিটি বাসার ছাদে বাংলাদেশের পতাকের পরেই উড়ানো হচ্ছে প্রিয় ফুটবল দলের পতাকা।আবেগ,আনন্দ আর উচ্ছ্বাসে মুখরিত মৌলভীবাজার শহর থেকে প্রত্যন্ত এলাকাও।
আর্জেন্টিনার পর বুধবার বিকেলে ব্রাজিলের সমর্থনে শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে।
বিকাল ৪ টার দিকে শহরের প্রেসক্লাব মোড় থেকে এই শোভাযাত্রাটি বের হয়।এরপর এম সাইফুর রহমান সড়ক হয়ে কুসুভাগ পয়েন্টে পৌঁছায়।সেখান থেকে বেরিপাড় পয়েন্ট হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ গ্রহণকারীরা ব্রাজিলের পতাকা,ব্যানার ও দলের তারকাদের ছবি সম্মেলিত ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় দৃষ্টিনন্দন ভিন্নতা আনেন।
তারা ব্রাজিল দলের পক্ষে নানা স্লোগান দেন এবং দলের সাফল্য কামনা করেন। এসময় ব্যবসাপ্রতিষ্ঠান,বাসাবাড়ি ও পথচারীরা তাদেরকে হাত নেড়ে অভিবাদন জানান।
ব্রাজিল সমর্থকরা জানান এবারে বিশ্বকাপে ব্রাজিল যেমন ভালো খেলা উপহার দিবে। তেমনি বিশ্বকাপ বিজয়ীও হবে এমনটি তাদের স্বপ্ন ও প্রত্যাশা।
তারা জানান বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের ঐতিহ্য,নান্দনিক খেলা এবং তারকা খেলোয়াড়দের প্রতি ভালোবাসা থেকেই তারা এই শোভাযাত্রার আয়োজন করে অন্যদেরকে ব্রাজিলের খেলা উপভোগ করতে উদ্বুদ্ধ করছেন।
মৌলভীবাজার/হা