শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। এ ঘটনায় গুরুতর আহত সাব্বির (২৫) একই এলাকার শহিদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন আরোহী একটি মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের দিকে আসছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ‘হানিফ পরিবহনে’র একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দুই কিশোরের মৃত্যু হয়েছিল।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

মৌলভীবাজার/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫