
নিহত আব্দুল আজিজ (৩২) সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের শামসুল ইসলামের ছেলে। তিনি মৌলভীবাজারে একটি শুঁটকির আড়তে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণগ্রামে সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দী মরদেহ পড়ে আছে—এমন খবর ছড়িয়ে পড়লে রাতে মৌলভীবাজার মডেল থানার একটি দল ঘটনাস্থলে যায়। পরে বাথরুম থেকে বস্তাবন্দী অবস্থায় আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মৃত্যুর কারণ এবং এ ঘটনায় কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনার সব দিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।
আমারসিলেট/এমএসএস



