সিলেট সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ে কঠোর হুশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, আগামী ১ আগস্ট থেকে চিরুনি অভিযানে নামবে প্রশাসন।সোমবার বিকালে জৈন্তাপুরে সুধীজনের সাথে আয়োজিত বিশেষ সভায় এসব কথা বলেন তিনি।

তিনি জানান, জুলাই মাসজুড়ে সামাজিক সচেতনতামূলক এই উদ্যোগ চলবে এবং ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমন্বিত অভিযান।

সিলেটের সীমান্ত এলাকায় মাদকের সাথে যে-ই জড়িত থাকুক, কোনো মাফ নাই উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশাসনের চোখের সামনে দিয়ে চোরাচালানের পণ্য সীমান্ত পার হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। থানা-প্রশাসনের নাকের ডগা দিয়ে যদি চোরাই পণ্য ঢোকে আর তা দেখেও না দেখার ভান করা হয়, তাহলে এবার আর ছাড় দেওয়া হবে না। প্রশাসনের নাকের ডগা দিয়ে গরু-মহিষের গাড়ি ঢুকলে ওসি-ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনের বিষয়ে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয়ের সবশেষ মিটিংয়ে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি নিয়ে সিদ্ধান্ত আসবে আগামী ১৯ জুলাই। বৈধ ব্যবসায়ীরা অনুমতি নিয়ে বালু তুলবে- ব্যক্তিগত কারো সুবিধা না দেখার নির্দেশ দেন প্রশাসনকে।চোরাচালান রোধে শুধু প্রশাসনিক পদক্ষেপই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি সীমান্তবর্তী গ্রামগুলোর জনপ্রতিনিধি, মুরুব্বি ও আলেম-ওলামাদের নিয়ে সামাজিক সচেতনতামূলক বৈঠক আয়োজনের আহ্বান জানান।

তিনি বলেন, সীমান্ত এলাকার ব্যবসায়ী ও গ্রামবাসীদের সঙ্গে বসে সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এই পাহারার দায়িত্ব নিতে হবে।

যদিও শৃঙ্খলা ফিরিয়ে আনার এই উদ্যোগকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করে করেন মন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নতি হলে প্রবাসীরা নির্বিঘ্নে দেশে ফিরতে ও এলাকায় বিনিয়োগ করতে আগ্রহী হবেন। যা সার্বিকভাবে জনসেবা ও উন্নয়নের পথ প্রশস্ত করবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

 

 

সিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *