শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবলের ম্যাচ বড় পর্দায় উপভোগের সুযোগ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বড় পর্দায় খেলা প্রদর্শনের এ আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে মুক্তমঞ্চে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচ প্রদর্শনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোও একই স্থানে বড় পর্দায় দেখানো হবে।

এর আগে বিশ্বকাপ শুরুর পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেও বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছিল প্রশাসন। এবার আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতেই মুক্তমঞ্চে এ আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে খেলা উপভোগ করছেন শিক্ষার্থীরা।

এছাড়া মঙ্গলবার রাতে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে গিয়ে খেলা দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কিছু সময় তাদের সঙ্গে খেলা উপভোগ করেন।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে বিশ্বকাপের খেলা উপভোগ করছেন ভিসি, প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে আবাসিক হলগুলোতে খেলা দেখার ব্যবস্থা করা হলেও বৃষ্টি ও নিরাপত্তাজনিত কারণে শুরু থেকেই মুক্তমঞ্চে এ আয়োজন করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, সবাই যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে খেলা উপভোগ করেন, সে আহ্বান জানাচ্ছি। এ আয়োজনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি দায়িত্ব পালন করছে। শিক্ষার্থীদের প্রতি আমার প্রত্যাশা, তারা শৃঙ্খলা বজায় রেখে খেলা উপভোগ করবেন এবং এ বিষয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *