
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার উদ্যোগে ‘ষান্মাসিক থানা দায়িত্বশীল সমাবেশ-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। নগরীর একটি মিলনায়তনে গত বুধবার দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ছাত্রশিবির শুধু একটি সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলন। থানা পর্যায়ের দায়িত্বশীলদের সৎ, দক্ষ ও সচেতন থাকতে হবে। ছাত্রসমাজের নৈতিক অবক্ষয় রোধে এবং ক্যাম্পাসে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় শিবিরকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও জামায়াতে ইসলামী সিলেট মহানগরের নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মাওলানা মাসুক আহমদ, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এবং এমসিএ ইউকে এর সাবেক সভাপতি হাবিবুর রহমান।
বক্তারা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দাওয়াতি কাজ সম্প্রসারণ এবং ছাত্রদের মেধা ও চরিত্র গঠনে থানা দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সমাবেশে সিলেট মহানগরের আওতাধীন বিভিন্ন থানা শাখার সভাপতি, সেক্রেটারিসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



