
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় প্রতারণা মামলার এক আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক মাকসুদা চৌধুরী (৫৬) মৌলভীবাজার সদর উপজেলার রাউতগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী। তিনি যুক্তরাজ্যপ্রবাসী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ (BG201) ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে যান মাকসুদা চৌধুরী। এ সময় ইমিগ্রেশন যাচাইয়ে তাঁর বিরুদ্ধে আদালতের জারি করা বিদেশযাত্রা-সংক্রান্ত নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। এরপর তাঁকে আটক করে বিদেশযাত্রা স্থগিত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি মাকসুদা চৌধুরী। ওই মামলায় আদালতের নির্দেশে তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা ছিল।
পরে সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাঁকে মামলার তদন্তকারী কর্মকর্তা, সিলেট কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, প্রতারণা মামলার আসামি হওয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী ওই নারীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। বিমানবন্দরে তাঁকে আটক করার পর আদালতে পাঠানো হয়েছে।



