
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।
বুধবার (১৮ জুলাই) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বপ্নোত্থান প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, রক্তদান, চ্যারিটি কার্যক্রম ও জরুরি চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠায় সংগঠনটি নিয়মিত কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২ থেকে ৪ জুলাই আয়োজিত তিনদিনব্যাপী চ্যারিটি চলচ্চিত্র উৎসব থেকে প্রাপ্ত লভ্যাংশ মানবিক সহায়তায় ব্যয়ের পরিকল্পনার অংশ হিসেবে শাবিপ্রবির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সংগঠনটি জানায়, আশরাফুল আলমের উভয় কিডনি অকেজো হয়ে যাওয়ায় তাঁর কিডনি প্রতিস্থাপন ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। এমন কঠিন সময়ে তাঁর চিকিৎসা সহায়তায় স্বপ্নোত্থানের এ উদ্যোগ মানবিক দায়িত্ববোধের একটি ক্ষুদ্র প্রয়াস।
এ বিষয়ে স্বপ্নোত্থানের সভাপতি মামুন হোসেন বলেন, “সম্মিলিত মানবিক প্রচেষ্টা ও সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে আশরাফুল আলম দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। স্বপ্নোত্থান সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি তাঁর চিকিৎসার জন্য সহযোগিতার আন্তরিক আহ্বান জানাচ্ছে”।



