সিলেট বিভাগের প্রধান নদ-নদীগুলোর পানি কমতে শুরু করেছে। তবে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনো পানি বিপৎসীমার ওপরে রয়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় বিভাগে বৃষ্টিপাতও উল্লেখযোগ্যভাবে কমেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট কার্যালয়ের মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার পানি সমতলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬৬ মিটার, যা বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এ পয়েন্টেও পানি কমছে।

এছাড়া সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ১০১ সেন্টিমিটার নিচে এবং সিলেট পয়েন্টে ১৩২ সেন্টিমিটার নিচে রয়েছে। কুশিয়ারা নদীর অমলসীদ, শেওলা ও শেরপুর পয়েন্টেও পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর তথ্য অনুযায়ী, সারিগোয়াইন নদীর সারিঘাট ও গোয়াইনঘাট এবং পিয়াইন নদীর জাফলং পয়েন্টেও পানি বিপৎসীমার নিচে রয়েছে। পর্যবেক্ষণে থাকা সব নদ-নদীর পানি কমার প্রবণতা দেখা যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।