সিলেট অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-এর নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার) রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম (BIAM) ফাউন্ডেশনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা। নির্বাচনকে ঘিরে সংগঠনের প্রায় ৩ হাজার ২০০ আজীবন সদস্যের মধ্যে ছিলো উৎসবমুখর পরিবেশ।

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের মানুষের ঐক্য, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা, চিকিৎসা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, অসহায় মানুষের সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি সিলেটবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশেও সংগঠনটির শাখা ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এবারের নির্বাচনে সভাপতি পদে সি এম কয়েস সামি এবং অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের নেতৃত্বে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩৫টি পদের বিপরীতে ৭৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। নির্বাচনে ভোটের মাধ্যমে প্রত্যাবর্তন চায় সামি, পরিবর্তন লক্ষ্য কামরুল প্যানেলের।

ভোট গণনা শেষ হলেই জানা যাবে নতুন নেতৃত্বে কারা আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *