মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে শুক্রবার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন এবং প্রায় এক হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফলে ঘটনাস্থলে কোনো আসামি বা অভিযুক্তকে পাওয়া না যাওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী উদ্ধারকৃত বালু, এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় হস্তান্তর করা হয়।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়|

এ ছাড়া জনসার্থে স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত বালু ও অন্যান্য মালামাল প্রচলিত বিধি-বিধান অনুযায়ী নিলাম অথবা আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।

অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *