
পরিবেশ সুরক্ষা ও সুস্থ সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়ে মাসব্যাপী বনায়ন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের রাজনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন রোটারি ক্লাব অব জালালাবাদ।
গত বুধবার (৩০ জুলাই) রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও তৎসংলগ্ন খেলার মাঠের চারপাশে ৭০০টি ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট লতিফা জাহাঙ্গীর। এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট-ইলেক্ট হাবিব আল নূর এবং রোটারিয়ান শাহ্ আশিকুর রহমান।
বক্তারা বলেন, “শুধু বৃক্ষরোপণই নয়, রোপিত চারার পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটি গাছ একটি প্রাণ, একটি গাছ আগামী প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অতিথিদের পুরো প্রাঙ্গণ ও খেলার মাঠ পরিদর্শন করান এবং রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আয়োজনের শেষ পর্যায়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন রোটারি ক্লাব অব জালালাবাদের পাস্ট প্রেসিডেন্ট হানিফ মোহাম্মদ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রোটারি ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি সময়োপযোগী ও অনুকরণীয় পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন।



