সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য ৪৭ লাখ ৫৩ হাজার টাকা।
শনিবার (৮ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, বাংলাবাজার, সোনারহাট, সংগ্রাম, শ্রীপুর, প্রতাপপুর ও বিছনাকান্দি বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ মোবাইল ফোন, কসমেটিকস, গরু, মহিষ, কম্বল, চকলেট, চা-পাতা, ফুচকা, সুপারি, চিনি, সনপাপড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করা হয়।
আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৭ লাখ ৫৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



