কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত এক কিশোর শিক্ষার্থী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে| পূর্ববিরোধের জেরে মৌলভীবাজারে মাদরাসাছাত্র হাসান আহমদের (১৫) শ্বাসনালি কাটার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ| ভুক্তভোগী ওই ছাত্র বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে|
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম| জানা যায় মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় টাউন কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী হাসান আহমদের (১৫) ওপর বর্বরোচিত হামলা চালায় কিশোর সন্ত্রাসীরা| তার গলার শ্বাসনালি কেটে দেওয়া হয়| বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক| গত বুধবার রাত সাড়ে ৮টায় মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে| পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান| অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যা¤^ুল্যান্সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়| ভুক্তভোগীর পরিবার জানায়, শহর থেকে বাড়ি ফেরার পথে কুসুমবাগে একই এলাকার চার কিশোর হাসানের পথরোধ করে| ‘বড় ভাই’ বলা নিয়ে তর্কের এক পর্যায়ে তারা হাসানের ওপর চড়াও হয় এবং চাকু দিয়ে গলা ও শ্বাসনালিতে আঘাত করে| এ ছাড়া তাকে মাটিতে ফেলে মারধর করা হয়, যার ফলে তার প্রস্রাবের নালি ছিঁড়ে যায়, নাকের ওপর আঘাত লেগে মুখ থেঁতলে যায় এবং বুকের পাঁজর ভেঙে যায়| পরিবারের ভাষ্যমতে, কিশোর গ্যাংয়ের সদস্য ছানি (আলিম মিয়ার পুত্র), তাওহিদ ও রনির সঙ্গে হাসানের পূর্ববিরোধ ছিল| ছানি তাকে ‘বড় ভাই’ বলে সম্মোধন করার জন্য চাপ প্রয়োগ করত| হাসান এ বিষয়ে গুরুত্ব না দেওয়ায় হুমকি দেওয়া হয় এবং এই নৃশংস ঘটনা ঘটানো হয়| অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যেই অস্ত্র নিয়ে মহড়া দেয় বলে অভিযোগ রয়েছে| মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পূর্ববিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে| এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ দুজনকে আটক করেছে|



