প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়; এটি একটি বৈশ্বিক জ্বালানি সংকট। ইসরায়েল ও ইরানের যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার সিলেটের ওসমানীনগরের খাদিমপুর বাজার এলাকায় প্রবাসীদের অর্থায়নে এনআরবি মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্টানে শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় কীভাবে এনার্জি ডাইভারসিফিকেশন করা যায়, কীভাবে জ্বালানি মজুত বাড়ানো যায় এবং ঘাটতি কীভাবে দূর করা যায় এসব বিষয়ে সরকার ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। দ্রুতই এব্যাপারে কিছু সিদ্ধান্ত নেবে।
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সফরের জন্য আমন্ত্রণ এলে সরকার অবশ্যই ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে এই মুহূর্তে সফরের কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
স্বাস্থ্য খাতে বিনিয়োগকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা বড় হৃদয়ের মানুষ। দেশের প্রতি ভালোবাসা না থাকলে তারা দেশের জন্য এত উদ্যোগ নিতেন না। প্রবাসে গেলে দেশপ্রেম কমে যায় না; বরং কিছু ক্ষেত্রে তা আরও বেড়ে যায়।
তিনি আরও বলেন, বিএনপি সরকার প্রবাসীদের এ ধরনের মহৎ উদ্যোগকে স্বাগত জানায়।



